খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

শ্রমিক অসন্তোষ ঘিরে তিন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রমিক অসন্তোষ ঘিরে তিন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বিজিবি সদর দপ্তর। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ছেলেকে রাজনীতিতে আনবেন কি না, ভাগ্যের ওপর ছেড়ে দিলেন মির্জা আব্বাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ছেলেকে রাজনীতিতে আনবেন কি না, ভাগ্যের ওপর ছেড়ে দিলেন মির্জা আব্বাস

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে রাজনীতিতে আনবেন কি না, তা তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তবে নিজের পরিবারকে রাজনৈতিক পরিবার উল্লেখ করে তিনি বলেছেন, পরিবার থেকে কেউ না কেউ রাজনীতিতে আসবেই।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না, একদিন রাজনীতিতে আসব কি না। তবে আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিতে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকেই ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে এবং অনেকে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।

এদিকে বাবার পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন মির্জা আরাফাত আব্বাস আজান। বাবার রাজনীতিতে যোগদান ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, পড়ালেখাসহ নানা কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাটা জরুরি বলে মনে করেন তিনি।

আজান বলেন, ‘সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’

ভবিষ্যতে বাবার রাজনীতির হাল ধরবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়মনসিংহ আসছেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়মনসিংহ আসছেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ছবি যোগফল অনলাইন

নিজস্ব প্রতিবেদক | যোগফল অনলাইন

ময়মনসিংহ: এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় আসছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সফরকালে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগদান এবং জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মন্ত্রীর ময়মনসিংহ জেলা সফরের কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শন করবেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

এরপর সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ সংশ্লিষ্ট অতিথিদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরের পরবর্তী কর্মসূচিতে সকাল ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে যাবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী। সেখানে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

মন্ত্রী তাঁর এক দিনের সফরে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে জেলার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সম্পৃক্ত হবেন।

মন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

যোগফল অনলাইন

এমপিদের স্ত্রী-সন্তান ও ভাগনেদের সারের ডিলারশিপ, নিয়োগ পুনর্বিবেচনার দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এমপিদের স্ত্রী-সন্তান ও ভাগনেদের সারের ডিলারশিপ, নিয়োগ পুনর্বিবেচনার দাবি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেছেন, এমনকি অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে এ বিষয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। ১৫টি ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও ভাগনেদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, নতুন নিয়োগপ্রক্রিয়ায় তাদের সুযোগ করে দিতে মন্ত্রণালয় কিছু নিয়ম তৈরি করেছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সংসদ সদস্যদের পরিবারকেন্দ্রিক ব্যবসার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশে এই কালচার কবে—আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, হাসনাত আব্দুল্লাহ সারের ডিলার নিয়োগকে মহোৎসব হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থে দেখছেন। মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ নিক, সেটাই তাঁর প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী জানান, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে আবেদন আহ্বান করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, আবেদনগুলো প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ে। পরে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে।

যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে।

কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির ছয় থেকে সাতজন সদস্য সম্মিলিতভাবে যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করেন। প্রস্তাবনায় জেলা প্রশাসকসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল।

মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেয়। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কমিটির পাঠানো প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম